সারা বাংলা

সুনামগঞ্জে বিএনপির নিরঙ্কুশ বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বিএনপি। জেলার সবকটি আসনে জয় নিশ্চিত করেছে দলটি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও শেষ পর্যন্ত বিজয়ের মালা গলায় তুলেছে বিএনপি প্রার্থীরা। 

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জের পাঁচটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, সংশ্লিষ্ট সকল প্রার্থীর প্রাপ্ত ভোট যাচাই-বাছাই ও গণনা শেষে বিএনপির মনোনীত পাঁচজন প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ সময় প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী (দাড়িঁপাল্লা) তোফায়েল খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এছাড়াও সুনামগঞ্জ-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮১৩ জন; ‘না’ ভোট দিয়েছেন ৬৯ হাজার ৫৯৪ জন।

সুনামগঞ্জ ২ ( দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির দাড়িঁপাল্লা  প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। 

এই আসনের ১১১টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। এ আসনে গণভোটে ১ লখা ৩৮ হাজার ২৩৩ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ২৮ হাজার ২৫৩ । হ্যাঁ-ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০, না-ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি।

সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে নিয়ে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৬৯৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫ হাজার ৮০৮। হ্যাঁ-ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪, না-ভোট পড়েছে ৪৫ হাজার ৪১৯।

সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরুল। এই আসনের ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৮ হাজার ৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছ উদ্দিন দাড়িঁপাল্লায় পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। 

সুনামগঞ্জ-৪ আসনে ১১৬টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। এ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭৪৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৮৯। হ্যাঁ পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯, না-ভোট পড়েছে ৫৩ হাজার ৯১৮টি।

সুনামগঞ্জ-৫ আসনেও বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল সালাম মাদানি দাঁড়িপাল্লায় প্রতীকে ১ লাখ ২ হাজার ১২১ ভোট পেয়েছেন। এ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৪৫৪।  বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯ হাজার ১৪১ । হ্যাঁ- পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪ ভোট, না-ভোট পড়েছে ৭৬ হাজার ৫৩০ ভোট। 

এদিকে ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে বিজয় মিছিল, আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে নেতাকর্মীদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।