জাতীয়

সংসদে যাচ্ছেন টাঙ্গাইলের দুই ভাই 

টাঙ্গাইলের পৃথক দুটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আপন দুই ভাই। আব্দুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু রচনা করেছেন এই বিরল ইতিহাস। দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক তার সভাকক্ষে ফল ঘোষণা করেন।

তিনি জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৮৭৯ ভোট। টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দুই ভাইয়ের নিজ নিজ এলাকায় সমর্থকদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। দুই ভাইয়ের বাড়িতে এখন যেন মানুষের মেলা। এটা শুধু রাজনৈতিক সাফল্য নয়, তাদের পরিবারের জন্য খুব আবেগের মুহূর্ত।

স্থানীয়রা বলছেন, এক পরিবারের দুইজনের একসঙ্গে এমপি হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। 

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দুই ভাই নির্বাচিত হওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে। একই পরিবারের সদস্য হওয়ায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় সহজ হবে বলে আশা তাদের।

স্থানীয়ভাবে দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও জনপ্রিয়তাই তাদের বিজয়ের মূল কারণ। একইসঙ্গে এটি জেলার রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার শহিদুল ইসলাম বলেছেন, “রাজধানীর খুব কাছের জেলা টাঙ্গাইল। টাঙ্গাইলে বিগত দিনে খুব একটা টেকসই উন্নয়ন হয়নি। সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচিত হওয়ায় সার্বিক উন্নয়ন হবে বলে আমরা আশা করছি।”

ভূঞাপুর শহরের রাসেল মিয়া বলেন, “টাঙ্গাইলের প্রবীণ ও ত্যাগী নেতা আব্দুস সালাম পিন্টু। তার মতো মানুষ আবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুব আনন্দিত। তার পরিবারের মানুষও অনেক ভালো। এ কারণে এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণ করাই এখন তাদের প্রধান দায়িত্ব।” সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “এতদিন যারা আমার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয়। আমি আপনাদের শ্রমের মূল্য হয়ত দিতে পারব না, কিন্তু আগামী দিনে যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন, ইনশাল্লাহ।”

আব্দুস সালাম পিন্টুও তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সব সময় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন।