রাজনীতি

ঢাকা-১৬ আসনে ফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন ওই আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদন থেকে জানা যায়, আমিনুল হকের অভিযোগ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। 

তিনি উল্লেখ করেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এ ছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আবেদনে বলা হয়, বিশেষ করে ৪০টির বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়া ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। আরও অভিযোগ রয়েছে যে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই সরবরাহ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফলে এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল রয়েছে। 

আমিনুল হক মনে করেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব, যা এই নির্বাচনে ব্যত্যয় ঘটেছে।

আরপিও-এর ৯১এ ধারার প্রযোজ্য বিধান অনুসারে ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। 

উল্লেখ্য ঢাকা-১৬ আসনের ভোটে বেসরকারি ফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।