বিনোদন

রুমিন ফারহানাকে অভিনন্দন, জারার জন্য চমকের মন খারাপ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফল রাত থেকে প্রকাশ শুরু হয়।  

আগ্রহ-উদ্দীপনা নিয়ে ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে গিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। গতকাল ভোট প্রদান করে উচ্ছ্বাস প্রকাশ করেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার বিজয়ী রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন। কিন্তু তাসনিম জারার জন্য তার মন খারাপ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চমক তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, তাতে এই বার্তা দেন। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। লড়াকু কন্যাকে অভিনন্দন জানিয়ে চমক বলেন, “অগ্নিকন্যা রুমিন ফারহানাকে অভিনন্দন। যারা নারী ক্ষমতায় বিশ্বাস করে না, তাদের জন্য তিনি উদাহরণ হয়ে থাকবেন। তাসনিম জারার জন্য খারাপ লাগছে। তিনি জিতলে ভালো লাগত, ভালো হতো। কেউ যদি অনিয়ম অন্যায় করে থাকে, তার যথাযথ বিচার সৃষ্টিকর্তা করবেন, ভরসা রাখুন।” 

চমক মনে করেন রাজনীতি কখনো সরলরেখায় চলে না। তার ভাষায়, “৫ আগস্টের পর অনেকেই ভাবছিল, একদল একচ্ছত্র ক্ষমতায় যাবে। কিন্তু রাজনীতি কখনো এত সরলরেখায় চলে না। দেড় বছরে খেল পাল্টে গেছে। হয়তো সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্তিশালী বিরোধী দল আমরা দেখতে যাচ্ছি। তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, ক্ষমতা আর প্রতিপক্ষ—দুটোই শক্ত হলে তবেই ভারসাম্য আসে।” 

জয়-পরাজয় নয়, গণতন্ত্র টিকে থাকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন চমক। তার মতে, “এখন প্রয়োজন ঠান্ডা মাথা। অ্যাক্টিভিস্টদের শোরগোলের বাইরে গিয়ে, দুই দলই যেন আগামী সংসদের জন্য প্রস্তুত হয়। কারণ শেষ পর্যন্ত জয়–পরাজয় না, গণতন্ত্র টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। দেশ ও দেশের মানুষের কল্যাণে দুই দলই একসাথে কাজ করুক, সেই প্রত্যাশা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।” 

চব্বিশের গণঅভ্যুত্থানের শুরু থেকেই সোচ্চার ছিলেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এ নিয়ে হত্যার হুমকিও পেয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচনের অপেক্ষায় ছিলেন চমক। অবেশেষে প্রত্যাশিত সেই ভোটের পরিবেশ পেয়ে আনন্দও প্রকাশ করেন তিনি।