খেলাধুলা

নেদারল্যান্ডসকে ১৯৭ রানের টার্গেট দিল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। চেন্নাইতে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টস হেরে যুক্তরাষ্ট্র আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে। জিততে নেদারল্যান্ডসকে করতে হবে ১৯৭ রান।

ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করেন। তাদের ব্যাটে ভর করেই প্রায় দুইশ রানের সংগ্রহ পায় তারা। ওয়ান ডাউনে নামা সাইতেজা মুক্কামাল্লা ৫১ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেন। মিডল অর্ডারে শুভাম রঞ্জন ২৪ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৯৬ পর্যন্ত নিয়ে যান।

তাদের আগে দুই উদ্বোধনী ব্যাটার মোনাঙ্ক প্যাটেল ৩ চার ও ১ ছক্কায় ৩৬ ও শায়ান জাহাঙ্গীর ১ চার ও ২ ছক্কায় ২০ রান করে অবদান রাখেন।

নেদারল্যান্ডসের বাস ডি লিড ৪ ওভারে ৩৭ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন লোগান ফন বিক, কাইল ক্লেইন ও ফ্রেড ক্লাসেন।

নেদারল্যান্ডস তাদের আগের দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে। যুক্তরাষ্ট্র দুই ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি।