জাতীয়

জামানত খুইয়েছেন আমজনতার দলের তারেক রহমান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্য সচিব ও প্রজাপতি প্রতীকের প্রার্থী মো. তারেক রহমান জামানত খুইয়েছেন। 

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, তারেক রহমান মাত্র ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন।

নিয়মানুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়, যা সরকারি কোষাগারে জমা হয়।

নির্বাচনের লড়াইয়ে নামার আগে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়, যা মূলত প্রার্থীর সিরিয়াসনেস বা গুরুত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত। এবারের সংসদ নির্বাচনে জামানাতের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ আসনের ফল ঘোষণা করেন।

ঢাকা-১২ আসনে এবার মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এই আসনে কোনো প্রার্থীর জামানাত রক্ষা করতে হলে তাকে কমপক্ষে ১৫ হাজার ২৮৪ ভোট পেতে হবে। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।