বিএনপিকে বিজয়ী করার জন্য মেটিকুলাস ডিজাইন করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলছেন, “২০০’র বেশি আসন বিএনপিকে দেওয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের ফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “বেশকিছু আসনে শুরুতেই এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন। তবে সেসব আসনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপি করেছে বিএনপি।”
এনসিপি'র মুখপাত্র অভিযোগ করে বলেন, “বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু আমরা চাই, সুষ্ঠু গণতন্ত্র চর্চা হোক।”
জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না শঙ্কা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে সংবিধান যে কোনো সময় পরিবর্তন করতে পারে, আমরা সেই শঙ্কা প্রকাশ করছি। আমাদের দাবি থাকবে বিএনপি ক্ষমতা যাওয়ার পর গণভোটের রায় ও জুলাই সনদ যেন অতিদ্রুত বাস্তবায়ন করে।”