সারা বাংলা

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ফলাফল নিয়ে অসন্তোষ দেখা দেয়। এ সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা উত্তপ্ত হয়ে ওঠে এবং পাশের একটি চায়ের দোকানে রাখা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে দুই গ্রুপকে হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনা চোখে পড়েনি বলে তিনি জানান।