সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আ. কালামের বাড়িতে ভোরে একদল লোক ককটেল তৈরির কাজ করছিল। এসময় আকস্মিক বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ (২২) ও মো. বজলুর রহমান (২০) এবং রানিহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। তাদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ককটেল তৈরির সময় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।