সারা বাংলা

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে পরাজিত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গাবতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাতেই উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কারকৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থক নাজমুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাবতলা বাজারে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ধানের শীষের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নাজমুল ইসলাম, সেলিম কাজী, হাবিবুর রহমান, হাসান মোল্যা, সাইফুল ইসলাম, আমেনা বেগম, আনোয়ার হোসেন, সিফাত আলী, আরিফ হোসেনসহ মনিরুল সমর্থিত ৯ জন আহত হোন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক ফয়েজুর রহমান দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসলে তারা বাধা দেন। পরে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে কলসের সমর্থকরা আগে হামলা চালায়। পরবর্তীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফয়েজুর রহমান, রুমান কাজী সাইফুল হোসেন রাব্বি, ইসমাইল, হাবিবুর, আনিসসহ ধানের শীষের ৬ জন সমর্থক আহত হোন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া শনিবার (১৪ ফেব্রয়ারি) সকালে বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।