সারা বাংলা

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পার্টি অফিস ভাঙচুর

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী সাতাইশ এলাকায় সরকারি খাস জায়গায় একটি পার্টি অফিস করে বিএনপির কয়েকজন নেতাকর্মী। সেখানে বসেই নির্বাচন কার্যক্রম পরিচালনা হতো। গত রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বেলাল ও তার গ্রুপের লোকজন হামলা করে। একপর্যায়ে লসকর গ্রুপের মোজাম্মেলসহ কয়েকজন আহত হয়েছে। এসময় ওই পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল লসকর বলেন, এই এলাকায় বিএনপির কোনো অফিস ছিল না। পরবর্তীতে আমি ও আমার সহযোগীদের নিয়ে অফিস তৈরি করি। নির্বাচনের পর বেলাল ও তার সহযোগীরা রাতে এসে পার্টি অফিসে আমার ওপর হামলা করে। আমি আহত হয়েছি। আমি এটার বিচার চাই। 

এ বিষয়ে জানতে বেলাল গ্রুপের বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ অভিযোগ দিয়েছে। সেটি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।