বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দুর্ঘটনার কারণে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে মিরপুর উপজেলার আমলা সাগরখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ রনি জানান, ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত বিকল্প পথ না থাকায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাক সরানোর কাজ শুরু করেছে।
দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রাকটি দ্রুত সরানো না হলে সড়কে যানজট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা ক্রেন দিয়ে ড্রাম টাকটিকে সরিয়ে দ্রুত চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।