খেলাধুলা

ক্রীড়াঙ্গনের যারা সংসদে

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল বের হওয়ার পর সবচেয়ে বড় ধাক্কাটা ক্রীড়াঙ্গনেই লেগেছিল। ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত, জনপ্রিয় প্রার্থী আমিনুল হক হেরে গেছেন জনগণের ভোটে। 

বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের অধিনায়ক আমিনুল ছাত্র-জনতা গণঅভূ্যথানের পর রাজনীতির মাঠে বেশ সরব ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার পর থেকে আন্দোলন-সংগ্রাম-নির্যাতন-জেল-জুমুলের সাক্ষী হয়েছেন তিনি। কিন্তু ঢাকার-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের মো. আব্দুল বাতেনের বিপক্ষে ৩,৩৬১ ভোটে হারেন তিনি। যদিও তার অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে হারানো হয়েছে তাকে। এজন্য নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনা বা ভোট স্থগিত রাখাসহ গেজেট প্রকাশ বন্ধ করার অনুরোধ করেছেন। 

আমিনুল না পারলেও এবারের সংসদ নির্বাচনে সাবেক খেলোয়াড়, সংগঠক অনেকেই নির্বাচিত হয়েছেন। খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এশিয়া ক্রিকেট কাউন্সিলের সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি। ১, ৪৮,৮৫৪ ভোট পেয়ে জিতেছেন তিনি।  আলোচিত ঢাকা-৮ আসন থেকে জয়ী হয়েছেন মির্জা আব্বাস। যিনি ছিলেন সাবেক ক্রীড়া মন্ত্রী। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে জিতেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও ফিফার কমিটি সাবেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ থেকে নির্বাচিত হয়েছেন। ১, ৪৫,৯৯০ ভোট পেয়ে তিনি হারান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নিজামুল হককে। ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। এর আগে ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ পদক জিতে ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১, মোহামেডানের সাবেক নীতিনির্ধারক মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ থেকে নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২, ৩৪,১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে ঢাকা-৬ আসনে নির্বাচিত হয়েছেন। সাবেক ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন চাঁদপুর-১, মোহামেডানের সাবেক সহ সভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সভাপতি শরীফুল আলম কিশোরগঞ্জ-৬, ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ-৩, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে জয়লাভ করেন।