বোনকে বিয়ে না দেয়ায় মো. ফাহিম (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। শনিবার সকাল ৮টার দিকে বগুড়ার মাটিডালি এলাকার সদর উপজেলা পরিষদের সমনে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। সে পেশায় ঢালাই কারখানায় শ্রমিকের কাজ করতো। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি নিহত ফাহিমের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত তনয় নামে এক যুবকের পূর্ব শত্রুতা ছিল। সে ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সে বখাটে হওয়ায় তার সঙ্গে বিয়ে দিচ্ছিল না। এটা নিয়ে ইতোপূর্বেও ঝামেলা হয়েছিল। এরপর তাদের মধ্যে পারিবারিকভাবে বসা হয়, মীমাংসা হয়েছিল। তনয় ফাহিমকে একাধিকবার হত্যার হুমকিও দিয়ে আসছিল।
তিনি আরো জানান, আজ সকাল ৮টার দিকে তনয় ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুপুর ১২টার দিকে তার হাসপাতালে মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সদর থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশ কাজ করছে।