বিশ্ব ভালোবাসা দিবস স্মরণীয় করে রাখলেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে বিয়ে-বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল পারিবারিক উষ্ণতা ও ভালোবাসার আবহ। বিয়ের আনন্দঘন মুহূর্তগুলো ঘিরে নির্মাতার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।
দীপু হাজরা জানান, তার স্ত্রী সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। দুজনের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে।
বিয়ের বিষয়ে দীপু হাজরা বলেন, “বিয়েটা দুই পরিবারের সমঝোতায় হলেও, আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় বছর তিনেক আগে, ফেসবুক সূত্রে। এরপর ভালোবাসার জন্ম। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমাদের বিয়ে হবে যে কোনও ভালোবাসা দিবসে। সেটাই হলো আজ। আশা করি আমাদের বাকি দিনগুলো ভালোবাসায় কাটবে।”
দীপু হাজরা আরও জানান, বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময় ও সুযোগ হলে ভবিষ্যতে একটি বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার।