নির্বাচনোত্তর সহিংসতা বন্ধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, না হলে এর দায় তাদের নিতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনে এই সহিংসতা প্রত্যাশিত ছিল না। এটা পুরোনো রাজনীতি, যার বিপক্ষে দীর্ঘসংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো দৃশ্যত সুন্দর একটি নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত। এই সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।”
আতাউর বলেন, “অন্তর্বর্তী সরকারকে নিস্ক্রিয় হলে চলবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাল ছাড়লে চলবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকায় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন জাতীয় নির্বাচনের অর্জন নির্বাচন-পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাবে।”
“বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপরে। নির্বাচনোত্তর সহিংসতা রোধে তারা ব্যর্থ হলে শুরুতেই গলদ বলে সাব্যস্ত হবে, যা তাদের প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হবে। তাই বিএনপির নেতৃবৃন্দকে বলব, দ্রুততার সাথে দলীয় ব্যবস্থা নিন। সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহিতার আওতায় আনুন,” বলেন তিনি।