সারা বাংলা

সিরাজগঞ্জে জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার ও সেক্রেটারি আব্দুল আলিম সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হন। শুক্রবার ভোরে পূর্বশক্রতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম বলেন, “যুবদল নেতা আব্দুল লতিফ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের ক্রেকেটারি আল-আমিন হোসেন বলেন, “নির্বাচনের দিন ফলাফল ঘোষণার সময় বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছিল। এঘটনায় যুবদলের নেতার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলায় দুই নেতা গ্রেপ্তার হন। আজ দুপুরে তাদের জামিন মুঞ্জুর হয়েছে। তারা বাড়িতে চলে গেছেন।”

সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন বলেন, জামায়ার প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তার নেতাকর্মীরা আমাদের দলের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের ক্রেকেটারি আল-আমিন হোসেনের ব্যক্তিগত মোবাইলে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।