বিনোদন

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার হাসপাতালে

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারকে। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

অভিনেতা শামীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে হারুন কিসিঞ্জারের অসুস্থতার খবর জানিয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 

শামীম হোসেন তার পোস্টে লেখেন, “আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।” 

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। 

এদিকে, পরিবারের পক্ষ থেকেও ভক্তদের কাছে হারুন কিসিঞ্জারের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। 

নব্বই দশকে কৌতুক অভিনেতা হিসেবে হারুন কিসিঞ্জারের উত্থান। একসময় তিনি নিয়মিত অভিনয় করেছেন বিটিভির বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।  

হাস্যরসপূর্ণ সংলাপ, অনবদ্য মুখভঙ্গি ও স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তবে দীর্ঘদিন ধরে তাকে আর অভিনয়ে দেখা যাচ্ছে না।