সারা বাংলা

স্কুলছাত্রী অপহরণের এক মাস পর চক্রের সদস্য গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের ১ মাস পর অভিযুক্তদের ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহরণচক্রের সহযোগী মো. রুহুল আমিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সকালে তেলিহাটি ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, রুহুল আমিনের সহযোগিতায় আশিক নামের এক যুবক সিএনজি অটোরিকশায় করে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করেও তাদের আটক করতে পারেননি।

ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। কয়েক দিনের মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা তখন আত্মগোপনে চলে যায়।

ভুক্তভোগীর বাবা দাবি করেন, অপহরণের সময় তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তিনি জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “মামলা দায়েরের পর থেকেই প্রযুক্তির সহায়তায় তদন্ত চালানো হচ্ছিল। আজ সকালে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, অপহরণচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।