রাজনীতি

জামায়াতের আমিরের বাসায় বিএনপির চেয়ারম্যান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেন তারেক রহমান। সন্ধ্যা ৭টার দিকে ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছান তিনি। তার হাতের ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের আমির।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।  

এর পরে রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফল অনুযায়ী,  বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরো তিনটি আসন যুক্ত হয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ভূমিধ্বস বিজয়ে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।