রাজনীতি

শূন্য শতাংশ ভোট পেয়েছে ১০ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১০টি দল জনগণের সমর্থন পেতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এসব দলের প্রার্থীদের পাওয়া ভোটের পরিমাণ এতই কম যে, তারা শূন্য শতাংশের কোটা পার হতে পারেননি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যেসব দল শূন্য শতাংশ কোটা পার করতে পারেনি, সেগুলো হলো—ইসলামী ঐক্য জোট, গণতান্ত্রিক পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল) এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)।

নির্বাচনে সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন।