সিরাজগঞ্জ সদরে হিন্দু সম্প্রদায়ের চাঁদাবাজি ও হুমকির অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
দুটি চিঠিতে বলা হয়, নির্বাচন পরবর্তিতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি- ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে নিয়ে মারধরে জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মন্ডল ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডলের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
অন্য তিনটি চিঠিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে ভোট পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহবায়ক ফিরোজ আহমেদ ও সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকে লিখিতভাবে জানাতে হবে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তে অনুমোদন করেছেন বলে চিঠিগুলোতে উল্লেখ করা হয়।