বিনোদন

‘বিয়ের আগের রাতে বরকে বলেছিলাম, বিয়েটা করতে চাই না’

ভালোবেসে সৈয়দ রিফাত নওঈদ হোসেনকে বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত ১৪ ফেব্রুয়ারি ছিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সাক্ষাৎকার দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। এ আলাপচারিতায় তিনি বলেন—“বিয়ের আগের রাতে বরকে বলেছিলাম, বিয়েটা করতে চাই না।” 

ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেন অর্চিতা স্পর্শিয়া। পারিবারিক আয়োজনে বিয়ের সব আয়োজনের পরও এমন কথা কেন বলেছিলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম। বিয়ের আগের রাতে নাওঈদকে বলেছিলাম, ‘আমি বিয়েটা করতে চাই না।’ তখন সে খুব শান্তভাবে বলেছিল অসুবিধা নেই, আমরা রেডি হয়ে স্টেজে ছবি তুলব, মজা করব, বিয়ে করতেই হবে এমন নয়।” 

বিয়ে নিয়ে স্পর্শিয়ার ভয় পাওয়ার বিষয়টি জানতেন তার পরিবারের সদস্যরাও। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার ভয় পাওয়া দেখে পরিবারের সবাই বলেছিল, ‘তোমার যদি মনে হয় কবুল বলতে পারবে না, তাহলে বলো না। আমরা সবাই আছি, সেজেছি, ছবি তুলব, গল্প করব।’ তাদের এই সাহস দেওয়ার কারণেই আমি বিয়েটা করতে পেরেছি।” 

পরের ঘটনা বর্ণনা করে অর্চিতা স্পর্শিয়া বলেন, “তারপর স্টেজে গিয়ে বিয়ে হয়েই গেল। এখনো আমি ওকে বলি ‘তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছো’।” 

বিয়েতে ভয়, সংকোচ থাকলেও দাম্পত্য জীবনে দারুণ সময় উপভোগ করছেন অর্চিতা স্পর্শিয়া। তার মতে, “অনেকে মনে করেন তারকাদের হয়তো পরিবার বা সংসারের প্রতি টান কম থাকে, এটা একদমই ভুল ধারণা। আমি যেমন ক্যারিয়ার অভিমুখী, তেমনই পরিবার অভিমুখীও। আমার কাছে পরিবারই প্রথম প্রায়োরিটি। সব মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল স্বামী হবে, সংসার হবে। এখন জীবনের খুব সুন্দর একটা সময় পার করছি। ভালো লাগছে সেই সময়টা কাটাতে পেরে।” 

স্প‌র্শিয়ার বর সৈয়দ রিফাত নওঈদ হোসেনের বা‌ড়ি চট্টগ্রামে। একটি বহুজাতিক কোম্পা‌নি‌তে চাক‌রি ক‌রেন তি‌নি। 

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু ক‌রেন স্পর্শিয়া। এরপর নাটক ও সিনেমায় কাজ করেন। তার অ‌ভিনীত উ‌ল্লেখ‌যোগ‌্য সি‌নেমা হ‌লো ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ প্রভৃতি।