বিনোদন

তৃষাকে নিয়ে রুচিহীন মন্তব্য, আইনজীবীদের বিবৃতি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে রুচিহীন-অসম্মানজনক মন্তব্য করায় তার আইনজীবীরা তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।  

তামিলনাড়ু রাজ্যের বিজেপির সভাপতি নাইনন নাগেদ্রন অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়কে কটাক্ষ করে বলেন, “বিজয় খুবই সরল, রাজনীতি বোঝেন না। প্রথমে তাকে নিজের খোলস থেকে বের হতে হবে। তামিলনাড়ুর তৃণমূল স্তরের পরিস্থিতি বুঝতে হলে তাকে তৃষার বাড়ি থেকেও বের হতে হবে।” 

রাজনীতির সঙ্গে তৃষার কোনো সম্পর্ক না থাকার পরও অভিনেত্রীকে টেনে আনার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর তৃষার আইনজীবীরা বিবৃতি প্রকাশ করলেন।

এ বিবৃতিতে বলা হয়েছে, “আমার মক্কেল সম্পর্কে রুচিহীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হচ্ছে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উচ্চপদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের রুচিহীন ও অনুপযুক্ত মন্তব্য আসবে, তা আমার মক্কেল কখনো প্রত্যাশা করেননি। আমার মক্কেল স্পষ্ট করে জানাচ্ছেন যে, রাজনৈতিক কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার ইচ্ছা নেই। অতীতেও আমার মক্কেল ধারাবাহিকভাবে জানিয়ে এসেছেন, রাজনীতির ক্ষেত্রে সবসময়ই তার অবস্থান নিরপেক্ষ।” 

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়। জনজীবনে উচ্চপদে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ ও সংযম বজায় রাখা প্রয়োজন। যেসব বিষয়ে তৃষার কোনো সম্পৃক্ততা নেই, সেসব বিষয়ে যেন তার নাম জড়ানো থেকে বিরত থাকা হয় বলেও সতর্ক করেন। 

আইনজীবী বিবৃতিতে পরিষ্কারভাবে বলেন, “আমার মক্কেল চান তাকে তার শিল্পকর্মের ভিত্তিতে মূল্যায়ন করা হোক, কোনো কথিত রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে নয়।”  

বলে রাখা ভালো, শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক।

*টাইমস নাউ অবলম্বনে