দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ের দায়িত্ব এসে পড়েছে নিজের কাঁধে এ কথা জানিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, “এই দায়িত্ব সাধ্যমতো বহনের চেষ্টা করব।”
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, দেশের একটি যুগসন্ধিক্ষণে আমার দুর্বল কাঁধে বড় দায়িত্ব পড়েছে। ইনশাআল্লাহ, অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”
এর আগে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। দুপুর সোয়া একটার দিকে তিনি সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
নাসিমুল গনি বাংলাদেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের ঠিক আগমুহূর্তে তিনি প্রশাসনের শীর্ষ এই পদে দায়িত্ব পেলেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের কারণে পুরস্কার হিসেবে এই পদ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে কোনো মন্তব্য নেই।”
চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।”
নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, মঙ্গলবার সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।প্রথম দফায় তারা সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংস্কার কার্যক্রমের শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
তিনি বলেন,“এই মুহূর্তে ক্যাবিনেট ডিভিশন পুরোপুরি প্রস্তুতিতে ব্যস্ত। বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।”
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম আজই প্রকাশ করা হবে কি না এ প্রশ্নে তিনি বলেন, “বিষয়টি সম্পূর্ণভাবে নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”
মন্ত্রিসভার আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। আমাদের প্রস্তুতি থাকে, সংখ্যা কম বেশি হতে পারে এটাই নিয়ম।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর প্রতিটি মন্ত্রীর জন্য গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং দপ্তর–সংক্রান্ত সব প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার কাজ করতে হয়। নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার কখনো ব্যর্থ হয় না।”
গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট সেখানে যোগ দেন। পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং একই বছরের ২৩ ডিসেম্বর তিনি সেখানে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। মেধা তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন। ২০০৯ সালে তাকে ওএসডি করা হয় এবং চার বছর পর ২০১৩ সালে চাকরি থেকে অবসর দেওয়া হয়।