ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে রেজাউল করীমের বাসায় যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ প্রমুখ।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দলের শীর্ষ নেতারা।
এর আগে গতকাল রবিবার বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।