রাজনীতি

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে দেশ: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। আমাদের নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।”

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে নির্বাচন পরবর্তী সময়ে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশনকে সেখানে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে।অনিয়মের নির্বাচনে জিতে হামলা ধর্ষণ আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে।”

মিয়া গোলাম পরোয়ার বলেন, “ফ্যাসিবাদের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি জনরায় অমান্য করা হয় তাহলে তাদের ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। গণভোটে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে। তারা (বিএনপি) না ভোটের ক্যাম্পেইন করেছে। নির্বাচনের পর পেইড বুদ্ধিজীবীরা বলছে সরকার মানতে বাধ্য নয়।”

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, “শহীদ ওসমান হাদির বিচার শেষ করতে হবে। জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। নতুন রাষ্ট্র গঠনের সনদ মেনে নিতে হবে। একচুল পরিবর্তন জনগণ মেনে নিবে না।”