সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)।
এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সোমবার সই করা প্রজ্ঞাপনের ভাষ্য— রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।
একইসঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগ-সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।