ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশান কার্যালয়ে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যান তারেক রহমান। সেখানে থেকে রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অফিসে যান তিনি।
রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।
তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ শীর্ষ নেতারা। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাৎকালে নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দলের শীর্ষ নেতারা।