বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হয়। শিল্পখাত এবং গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য্য পণ্য এলপি গ্যাসের এই ভ্যাট ও আগাম কর ৩০ জুন পর্যন্ত প্রত্যাহার করেছে সরকার।
এলপি গ্যাসের বাজার স্থিতিশীল এবং জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জনস্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে, সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তবে এলপিজি আমদানি পর্যায়ে আগের ৭.৫ শতাংশ ভ্যাট রয়েছে।
আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ পূর্বক স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় এলপিজি আমদানির পরে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয় তার ওপর কোনো ভ্যাট কার্যকর রইলো না। প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভোক্তা সাধারণের ওপর প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে।