সারা বাংলা

সুনামগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের দিরাইয়ে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নে হোসেনপুর গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালে চেক জালিয়াতি মামলায় হোসেনপুর গ্রামের মৃত ওয়াফছ আলীর ছেলে সাজ্জাদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৩ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। সাজা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন সাজ্জাদ। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি বাড়িতে ফেরেন। সোমবার সকালে সাজ্জাদ মিয়াকে হোসেনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে মোটরসাইকেলে করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলা চালান তার স্বজনরা। এসময় হাতকড়াসহ সাজ্জাদকে ছিনিয়ে নেন তারা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে পালিয়ে যান সাজ্জাদ ও তার স্বজনরা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, গ্রেপ্তার করে থানায় আনার পথে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসামি ছিনিয়ে নিয়েছে তার আত্মীয়রা। এই ঘটনায় নতুন করে মামলা রুজু হচ্ছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।