জাতীয়

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে সামনে রেখে সচিবালয়ে চলছে শেষ মুহূর্তের প্রশাসনিক প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যবহারের জন্য ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে এসব গাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা১১টার পর থেকে গাড়িগুলো একে একে সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের নিচে ও সামনের অংশে গাড়িগুলো রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন পুলে মোট ৬৮টি সরকারি গাড়ি থাকলেও আপাতত ৪৫টি গাড়ি সচিবালয়ে রাখা হয়েছে। এর মধ্যে চার পাঁচটি গাড়ি অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে, যাতে কোনো গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।

প্রস্তুত গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি, পাশাপাশি কয়েকটি মিতসুবিশি ল্যান্সার রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, নির্দেশনা পেলেই একজন লিঁয়াজো অফিসার ও চালক সংশ্লিষ্ট গাড়ি নিয়ে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বাসভবনে পৌঁছে যাবেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন নাসিমুল গনি। নতুন মন্ত্রিসভা গঠনের সার্বিক সচিবিক কার্যক্রম পরিচালনা করে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। সেই ধারাবাহিকতায় আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা।