রাজনীতি

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। প্রধানমন্ত্রী হিসেবে আজ বিকেলেই শপথ নেবেন তিনি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। 

বেলা সাড়ে ১১টার পর বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের সভাপতিত্বে আজ ১৭ ফেব্রুয়ারি  জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।