বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে না থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন দলটির সদস্য সিচিব আখতার হোসেন।
আখতার হোসেন লেখেন, “জুলাইয়ের আকাঙ্খা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পরপর দুইটি শপথ নিচ্ছেন এসনিপির নির্বাচিত সংসদ সদস্যগণ। সেইসাথে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।
আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য, ২২ রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)”
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী প্রার্থীরা। প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এনসিপির এমপিরা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রথমে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। এরপরই জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির নির্বাচত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। পরে সংশয় কাটিয়ে শপথ নেন জামায়াতের নির্বাচিত প্রার্থীরা।
এসময় সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। দেরিতে আসায় ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নেন। তবে তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে তারা সভাস্থল ত্যাগ করেন।