আন্তর্জাতিক

সংগীতশিল্পীসহ কলকাতায় গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ কর্মী 

ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও ভারতে অবস্থানের অপরাধে কলকাতায় ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে তারা প্রত্যেকেই  আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী। বয়স ২৫ থেকে ৩৫।  

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কলকাতার কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।  

কলকাতা পুলিশ জানায়, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও  কলিন স্ট্রিটের একটি হোটেলে ৬ জন বিদেশি অবস্থান করছে জানতে পেরে তারা হোটেলটিতে অবস্থানরত বিদেশি বোর্ডারদের পাসপোর্ট, ভিসা পরীক্ষা করতে যান। এ সময় হোটেলের একটি রুম থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গ্রেপ্তার যুবকেরা আওয়ামী লীগের কর্মী। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আক্রান্ত হওয়ার ভয়ে মেডিকেল ভিসা নিয়ে তারা কলকাতা পালিয়ে আসে। তারা প্রত্যেকেই আলাদাভাবে দেশ ছাড়েন। কলকাতা এসে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন এবং হোটেল পালটে পালটে থাকতে শুরু করেন। 

আরো জানা যায়, গত জানুয়ারিতে প্রত্যেকের ভিসা শেষ হয়ে যায়। কিন্তু কেউ বাংলাদেশে ফিরে যাননি। বরং কলকাতায় থেকে বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন।

তাদের কাছ থেকে ৬টি বাংলাদেশের বৈধ পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। বাড়ি টাঙ্গাইল ও নোয়াখালি জেলায়। 

এদের মধ্যে আজম মোল্লা সংগীতশিল্পী। তিনি কলকাতায় আসার পর পরিচিত মহলে গান গেয়েছেন। গ্রেপ্তার হওয়ার সময়ও তার হাতে গিটার ছিল। তিনি পুলিশকে গান গাইতে দেওয়ার অনুরোধ করেছেন। 

পরদিন সোমবার গ্রেপ্তারকৃতদের ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে ৬ জনকেই ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তারা দেশে ফিরতে চান না। যদিও সাজার মেয়াদ শেষে আইন মেনেই তাদের বাংলাদেশে ‘পুশ ব‌্যাক’ করার প্রক্রিয়া শুরু হবে বলে পুলিশ জানিয়েছে।