গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খলাী এলাকায় সড়ক নির্মাণের কয়েক দিনের মধ্যে ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা অনুসন্ধান ও ক্ষতির পরিমাপ নিরূপণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ জানান, তিনজনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত কর্ম দিবসের মধ্যে ধসে যাওয়ার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েটের) ভাইস চ্যান্সেলর প্রতিনিধি একজন অধ্যাপক। সদস্য সচিব গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম এবং সদস্য হয়েছেন গাজীপুরের এলজিইডি নির্বাহী প্রকৌশলী।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সড়কের নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিং করার লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এর মধ্যে প্যাকেজ নম্বর ১২ এর অধীনে ১ হাজার ১৫০ মিটার রাস্তা নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। ঠিকাদারকে প্রাক্কলিত ব্যয়ের অধিক ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।
প্যাকেজ নং ৫ এর আওতায় ১২০৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। এখনো প্রাক্কলিত ব্যয়ের বেশি দরে ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।
গত কয়েক দিন আগে ওই সড়কে ঢালাই কাজ শেষ হওয়ার পর হঠাৎ ফাটল ধরে ও ধসে ১০ থেকে ১৫ ফিট নিচে চলে যায়৷ এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে৷
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।