সারা বাংলা

প্রতিমন্ত্রী হলেন নুর, পটুয়াখালীর ৩ উপজেলায় আনন্দ মিছিল

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ খবরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী সদর, গলাচিপা ও দশমিনা উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চ চত্বরে শেষ হয়। 

একই সময়ে দশমিনা উপজেলা শহর ও পটুয়াখালী পৌর শহরে পৃথক মিছিল বের করা হয়। গলাচিপা পৌর শহরে মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা সোহরাব মিয়া, শহিদুল ইসলাম তালুকদার, গণঅধিকার পরিষদের নেতা মো.হাফিজুর রহমান ও মহিবুল্লাহ এনিমসহ অন্য নেতাকর্মীরা।  

তারা নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। নুরুল হক নুর তার নির্বাচনি ইশতিহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নসহ অবহেলিত গলাচিপা ও দশমিনার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।