সারা বাংলা

প্রথমবার এমপি হয়েই ময়মনসিংহে দুই প্রতিমন্ত্রী, আনন্দ-উচ্ছ্বাস

ময়মনসিংহ জেলা থেকে প্রথমবার সংসদ সদস্য হয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী হওয়ায় জনগণ আনন্দ প্রকাশ করেছে।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা এটা তাদের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। 

ময়মনসিংহ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুইজনের বাবা সংসদ সদস্য ছিলেন। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত বাবা ঈসমাইল হোসেন তালুকদার মুসলিম লীগের সংসদ সদস্য ছিলেন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 

ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

এম ইকবাল হোসেইন গৌরীপুর উপজেলায় স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। একজন সাদা মনের মানুষ হিসেবেও তিনি সর্বত্র গ্রহণযোগ্য ব্যক্তি। 

এম ইকবাল হোসেইন মন্ত্রিপরিষদে স্থান পাওয়া খবরে দলীয় নেতাকর্মী ও অনুসারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মিষ্টি বিতরণ করেন। 

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘এই মাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা আনন্দিত।’’ 

গৌরীপুরবাসীকে মন্ত্রী উপহার দেওয়ার জন্য তিনি গৌরীপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান বলে জানান তিনি।