সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলে নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের চাপায় প্রাইভেটকারের আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন আরোহী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। আহতরা হলেন— দুর্ঘটনায় নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা জানিয়েছেন, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে সিলেটে যাচ্ছিলেন তারা। বেলা ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারে পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।