অর্থনীতি

প্রধানমন্ত্রীকে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা।

বিসিএমআইএ আশা প্রকাশ করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, দূরদর্শী নীতি ও অর্থনৈতিক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার দেশের সার্বিক উন্নয়নকে আরো বেগবান করবে। বিশেষ করে পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বার্তায় আরো বলা হয়, পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সুদৃঢ় দিক-নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিসিএমআইএ।