বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১১ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ৯ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুইজন রয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম -১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রাম বিভাগের অপর পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ। তিনি কক্সবাজার-১ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। চট্টগ্রাম জেলার হাটহাজারী ও বায়েজিদ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর মুহাম্মদ হেলাল উদ্দীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পার্বত্য রাঙামাটি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান।
চট্টগ্রাম বিভাগের অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন, আব্দুল আওয়াল মিন্টু (ফেনী-৩), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (কুমিল্লা-৩), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (লক্ষীপুর-৩), জাকারিয়া তাহের (কুমিল্লা-৪), আ ন ম এহসানুল হক মিলন (চাঁদপুর-১), মোহাম্মদ আমিন উর রশীদ টেকনোক্র্যাট কোটায় কুমিল্লা জেলা থেকে মন্ত্রী মনোনীত হন। জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া -৬) থেকে প্রতিমন্ত্রী মনোনীত হয়েছেন।