রাজনীতি

তারেক রহমানের ‘প্রথম’, ২০ বছরে বিএনিপির ‘চতুর্থ’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

গেজেট ও প্রজ্ঞাপন অনুযায়ী, এবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রথমবার প্রধানমন্ত্রী হলে তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৯৯১ সাল থেকে চতুর্থবারের মতো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করল বিএনপি।  

প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি দেওয়া হয়েছে।

নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে বিলুপ্ত ঘোষণা করা হয় প্রজ্ঞাপনে।  

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করা বিএনপি মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে। ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর বিরতির পর সরকার গঠন করল বিএনপি।