শপথ গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করবেন।
মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি কবর জিয়ারত করবেন।
দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে এসে তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে সরকার পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।