বিনোদন

২৪ ঘণ্টাই দেখা দিতে নারাজ নাগার স্ত্রী

আলোচনায় উঠে এসেছেন ভারতীয় সিনেমার অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। তবে নতুন কোনো চরিত্র বা লাল গালিচায় হাঁটার জন্য নয়, বরং বলিউডের পিআর সংস্কৃতি নিয়ে স্পষ্ট মতামত ব্যক্ত করার কারণে চর্চায় এই অভিনেত্রী। দক্ষিণী সিনেমার নায়ক নাগা চৈতন্যর স্ত্রী শোবিতা ঢুলিপালার জানান—তারকা বলেই ২৪ ঘণ্টা দেখা দিতে নারাজ তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে বলিউডের পিআর ব্যবস্থাপনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অভিনেতা ও নির্মাতারা নিয়মিত প্রচার, ব্র্যান্ড-সহযোগিতা এবং সাজানো কনটেন্ট প্রকাশে যুক্ত থাকেন। চলচ্চিত্র ও ওয়েব শোতে অভিনয়ের জন্য পরিচিত শোবিতা স্পষ্ট করে বলেন, “দৃশ্যমান থাকার ওপর অনেক জোর দেওয়া হয়। আর আমি শুধু আমার কাজটা ভালোভাবে করতে চাই।” 

শোবিতা মনে করেন, “অভিনয়শিল্পীদের ওপর ক্রমাগত ডিজিটাল উপস্থিতি বজায় রাখার বাড়তি চাপ তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকার জন্য আমার কাজই কথা বলুক।”

শোবিতা তার কাজকে মূল্য দেন। পাশাপাশি সিনেমার ব্যবসায়িক দিককেও সম্মান করেন। কিন্তু তার জীবন যেন সবসময় জনসমক্ষে থাকার চাপে না থাকে। এ সব তথ্য উল্লেখ করে শোবিতা বলেন, “আমি প্রচারের বিরুদ্ধে নই। কিন্তু এর বাইরেও একটা জীবন থাকা জরুরি। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই ২০২৪ সালের ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেন। একই বছরের ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তারা।

*ফিল্মফেয়ার অবলম্বনে