সারা বাংলা

হিলির বাজারে বেড়েছে পেঁয়াজ-রসুনের দাম

রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি বাজারে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। পাইকারি বাজারে ৩০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় এ দুটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে জানা যায়, পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা। চারদিন আগে এই বাজারে যে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছিল ৩০ টাকায়, মঙ্গলবার সন্ধ্যায় তা বিক্রি হয় ৪৫ টাকা কেজি দরে। আবার ৮০ টাকা কেজি দরের কাঁচা রসুন পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে ১২০ এবং ১২০ টাকা কেজি দরের শুকনো রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি হিসেবে। 

সুমন নামে এক ক্রেতা বলেন, “রমজান আসলেই দরকারি সব পণ্যের দাম বেড়ে যায়। কয়েকদিন আগেও ৩০ টাকা করে পেঁয়াজ নিলাম, আজ সেই পেঁয়াজ কিনতে হলো ৪৫ টাকা কেজি দরে।” 

ভ্যানচালক আহসান হাবীব বলেন, “রমজান মাস আসতে না আসতেই হু হু করে পেঁয়াজ ও রসুনের দাম বৃদ্ধি পাচ্ছে। এভাবে দাম বাড়লে আমরা চলব কী করে?”

হিলি বাজারে খুচরা সবজি ব্যবসায়ী আবদুল লতিফ বলেন, “কয়েকদিন ধরে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। আমরা পেঁয়াজ ৪৫ টাকা কেজি পাইকারি কিনে তা খুচরা ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর কাঁচা রসুন ১১০ টাকা কেজি পাইকারি কিনে ১২০ টাকা ও শুকনো রসুন ১৫০ টাকা পাইকারি কিনে তা খুচরা বিক্রি করছি ১৬০ টাকা কেজি হিসেবে।” 

হিলি বাজারে পেঁয়াজ-রসুন পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “আর মাত্র একদিন পর পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। বাজারে পেঁয়াজ ও রসুনের ক্রেতাও বৃদ্ধি পাচ্ছে। বাজারে চাহিদা তুলনায় মোকামে অনেকটা আমদানি কম পাওয়া যাচ্ছে। যার কারণে মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি।”