সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হবে আজ। এছাড়া, সচিবালয়ে আজ প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বৈঠক হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বুধবার সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন।
সচিবালয়ে এসে তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে সরকার পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।