কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া সংলগ্ন নাফ নদী থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন- শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমির আব্বাস ও আবুল হোসন। তারা মাহমুদ উল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সেখান থেকে ফিরে আসে।
তিনি বলেন, “মাছ শিকার শেষে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছা দিয়ে আসতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।”
শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের কাছে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।” অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।