নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগমনের অপেক্ষায় রয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। শপথ গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজ নিজ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস শুরু করবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এদিন সচিবালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সভাপতিত্বে সচিবালয়েই অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এ উপলক্ষে সকাল থেকেই সচিবালয় এলাকায় বাড়তি তৎপরতা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
নতুন সরকারের প্রথম দিনে মন্ত্রীদের স্বাগত জানাতে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে ফুল ও শুভেচ্ছা বার্তা প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন দাপ্তরিক প্রস্তুতি ও সমন্বয় কাজে। সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।
সচিবালয়ের এক অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘ সময় পর নতুন সরকারের মন্ত্রীরা দপ্তরে আসছেন। নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক গতি ফেরাতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সচিবালয় এলাকায় বাড়তি তৎপরতা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, সচিবালয়ের এক কর্মচারী নেতা জানান, নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। আশা করা হচ্ছে, দপ্তরভিত্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান।