বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা মারা গেছেন। কয়েক দিন আগে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা সুনীল মালহোত্রা। খবর পেয়ে স্ত্রী কিয়ারা আদভানিকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে দিল্লি ছুটে যান এই অভিনেতা।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সুনীল মালহোত্রার শেষকৃত্য সম্পন্ন হলেও সিদ্ধার্থ ও কিয়ারা আরো কয়েক দিন দিল্লিতেই থাকবেন।
বাবার মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এ লেখার শুরুতে সিদ্ধার্থ বলেন, “তিনি ছিলেন ন্যায়পরায়ণ, নৈতিকতাসম্পন্ন ও সংস্কৃতিমনা একজন মানুষ। এমন মূল্যবোধ নিয়ে জীবন কাটিয়েছেন, যা কখনো টলেনি। কঠোরতা নয়, ছিল শৃঙ্খলা, অহংকার নয়, ছিল শক্তি। জীবন যতবার কঠিন পরীক্ষায় ফেলেছে, ততবার ইতিবাচক থেকেছেন তিনি।”
বাবার সঙ্গে সিদ্ধার্থের খুনসুটি
সিদ্ধার্থের বাবা নেভির ক্যাপ্টেন ছিলেন। তার দৃঢ় মনোবলের কথা স্মরণ করে এই অভিনেতা বলেন, “একজন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন হিসেবে সমুদ্রকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অসুস্থ হওয়া পর্যন্ত—সবকিছুই সাহস আর মর্যাদার সঙ্গে সামলেছেন। স্ট্রোকের পর যখন হুইল চেয়ারে সীমাবদ্ধ হয়ে পড়েন, তখনো তার মনোবল অটুট, দৃঢ় ও অম্লান ছিল।”
বাবার মৃত্যু অপরিমেয় শূন্যতা তৈরি করেছে সিদ্ধার্থের জীবনে। তার ভাষায়, “বাবা, তোমার সততাই আমার উত্তরাধিকার। তোমার শক্তিই আমাকে প্রতিদিন পথ দেখায়। তোমার ইতিবাচকতা আজও এই পরিবারকে একসঙ্গে ধরে রেখেছে। তুমি ঘুমের মধ্যেই শান্তিতে আমাদের ছেড়ে চলে গেলে। কিন্তু তোমার রেখে যাওয়া শূন্যতা অপরিমেয়।”
সস্ত্রীক বাবার সঙ্গে কথা বলছেন সিদ্ধার্থ
বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে সিদ্ধার্থ বলেন, “আমি আজ যা কিছু, সবই তোমার জন্য। আমি চিরকাল তোমার নাম, তোমার মূল্যবোধ আর তোমার আলো বহন করে এগিয়ে যাব। তোমায় ভালোবাসি বাবা।”