খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানের টার্গেট দিল আরব আমিরাত

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। দিল্লিতে আরব আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১২৩ রান।

দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি আমিরাত। তাদের আলিশান শরাফু সর্বোচ্চ ৪৫ রান করেন ৩৮ বলে। তার ইনিংসে ৫টি চারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল। মুহাম্মদ ওয়াসিম ৪টি চারে করেন ২২ রান। এছাড়া আরিয়ানশ শর্মা ১৩ ও মুহাম্মদ আরফান করেন ১১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার করবিশ বোশ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। আনরিখ নরকিয়া ৪ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। ১টি উইকেট নেন জর্জ লিন্ডে ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে।

বিশ্বকাপ থেকে ইতোমধ্যে আরব আমিরাতের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি তাই উভয় দলের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।